আটলান্টিক সিটি, ৮ জুলাই : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (BASJ) উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ আগস্ট বুধবার অনুষ্ঠিতব্য “আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব” উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন আয়োজন ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক মোজাহার আলী এবং সদস্য সচিব মামুনুল হক মামুন। এছাড়া উৎসব আয়োজক কমিটির সদস্য ও বিএএসজের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশনা, বিভিন্ন দেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, দেশীয় খাবার ও পণ্যের স্টল এবং র্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকবে।
বিএএসজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এবারের “আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব” সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ব্যতিক্রমী, আনন্দময় ও স্মরণীয় আয়োজন হিসেবে উপহার দেওয়া সম্ভব হবে। তাঁরা বলেন, এই উৎসব প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :