Image Source: FIFA World Cup Official Facebook Page
কানসাস সিটি, ১২ জুলাই : টানটান উত্তেজনাপূর্ণ ১২০ মিনিটের লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ চারে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আলেক্সিস মাক আলিস্তার। বিশ্বকাপে এটি ছিল মেসির রেকর্ড দশম অ্যাসিস্ট।
বিরতির পর ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে ইউরোপের দলটি। ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। মিথ্যা ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ফলে ১০ জনের দলে পরিণত হলেও দারুণ লড়াই চালিয়ে যায় সুইসরা।
নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১২তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ।
গোল শোধে মরিয়া হয়ে ওঠা সুইজারল্যান্ড শেষ দিকে রক্ষণে ফাঁক রেখে আক্রমণে ওঠে। সেই সুযোগে পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল লিওনেল মেসির দল। এখন সেমিফাইনালে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :