নিউ জার্সি, ৩০ জুলাই : প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বনভোজন। ২৯ জুলাই বুধবার “চট্টগ্রাম সমিতি নিউ জার্সি”র উদ্যোগে আয়োজিত এই বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
শহরের কোলাহল, ব্যস্ততা এবং কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে কেপ মে কাউন্টি পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, আড্ডা, গান ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে। দীর্ঘদিনের ব্যস্ত জীবনের মাঝে এই আয়োজন প্রবাসীদের মধ্যে নতুন করে বন্ধন তৈরি করে। বনভোজনে প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার-পরিজন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সকালের নরম রোদ, দুপুরের প্রাণবন্ত পরিবেশ এবং বিকেলের স্নিগ্ধ আবহে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।
দুপুরের খাবারে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবারের আয়োজন। খাবারের পর শুরু হয় খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা এবং বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এছাড়া প্রবাসী চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ।
বনভোজনে সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জলি দাশ, নীলাদ্রি চৌধুরী , জয়ন্ত সিনহা ও স্বপন দাশ। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুর রফিক,মনজুরুল হক, নূর মোহাম্মাদ, বিপ্লব দাশ, মো. কবির প্রমুখ । তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় এই আনন্দঘন আয়োজন।
অতিথিরা প্রবাসে এ ধরনের মিলনমেলার আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তারা।
চট্টগ্রাম সমিতি নিউ জার্সির পক্ষে আবদুর রফিক বনভোজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :