সিলেট, ৭ আগস্ট : সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন এবং সিলেটগামী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী নিহত হন। পরে আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :