ঢাকা, ২২ আগস্ট: পেশাগত পরিচয়ের বাইরে মানুষের ভেতরে থাকা সৃজনশীল সত্তাকে সামনে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে Arts Altera। LifeCourse-এর এই উদ্যোগের মূল দর্শন একজন মানুষকে শুধু তাঁর পেশা দিয়ে চেনা যায় না; তাঁর ভেতরে লুকিয়ে থাকে আরও একটি সৃজনশীল ‘আমি’।
এই ভাবনারই অংশ হিসেবে Arts Altera আয়োজন করে বিশেষ সংগীত সন্ধ্যা ‘Sounds from the Soul’। গত ২১ আগস্ট ঢাকার বনানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত পরিবেশন করেন ইফতেখারুল চিশতি। পেশাগত জীবনে মিডিয়া সংশ্লিষ্ট এই ব্যক্তিত্ব কর্পোরেট ব্যস্ততার বাইরে গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি দীর্ঘদিন ধরে গানও করে আসছেন। এতদিন তাঁর সংগীতচর্চা মূলত বন্ধু ও ঘনিষ্ঠজনদের আড্ডাতেই সীমাবদ্ধ ছিল। এবার সেই গানের ভুবনই উন্মুক্ত হয় বৃহত্তর শ্রোতাদের সামনে।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অনুষ্ঠানে ইফতেখারুল চিশতি বাংলা, হিন্দি ও উর্দু ভাষার বেশ কিছু জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় উঠে আসে কিশোর কুমার, পঙ্কজ উদাস, বাপ্পি লাহিড়ী, মেহেদী হাসান, মাহেন্দ্র কাপুর ও হরিহরণের মতো কিংবদন্তি শিল্পীদের জনপ্রিয় গান।
কিশোর কুমারের বাংলা ও হিন্দি গান, পঙ্কজ উদাসের গজল এবং মেহেদী হাসানের উর্দু সংগীতের পরিবেশনা অনুষ্ঠানে তৈরি করে এক অন্যরকম আবহ। পরিচিত সুর ও গানের মধ্য দিয়ে শ্রোতারা ফিরে যান স্মৃতির পাতায়—কখনো নস্টালজিয়ায়, কখনো প্রেম ও বিরহের আবেগে, আবার কখনো জীবনের নানা অনুভূতির অন্তরঙ্গ ভুবনে।
ইফতেখারুল চিশতির পরিবেশনায় ছিল আবেগ, ব্যক্তিগত অনুভূতি এবং সংগীতের প্রতি দীর্ঘদিনের ভালোবাসার প্রকাশ। পেশাগত জীবনে যাঁকে একভাবে চেনেন সহকর্মী ও পরিচিতরা, সংগীতের মঞ্চে তাঁকে আবিষ্কার করার সুযোগ পান দর্শকরা এক ভিন্ন পরিচয়ে।
ফলে ‘Sounds from the Soul’ শুধু একটি সংগীত সন্ধ্যায় সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল একজন পেশাজীবীর ভেতরে থাকা ‘অন্য আমি’-কে আবিষ্কার, প্রকাশ ও উদযাপনের এক অনন্য আয়োজন।
Arts Altera মনে করে, পেশার বাইরের সৃজনশীল চর্চা মানুষের জীবনকে আরও সমৃদ্ধ, আনন্দময় ও অর্থবহ করে তোলে। সেই বিশ্বাস থেকেই LifeCourse পেশাজীবীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল সত্তাকে প্রকাশ, বিকাশ এবং উদযাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে Arts Altera-কে এগিয়ে নিতে চায়। Arts Altera—পেশার বাইরে, নিজের আরেক পরিচয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :