রংপুর, ২২ আগস্ট : রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সিঁড়ির গেটের তালা ভেঙে ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতরা হলেন গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রীয়ম। গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়িঘরে পাওয়া যায়। আর ছেলে প্রীয়মের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ‘আপাতত আমরা ধারণা করছি, তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কীভাবে ও কখন একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। রহস্যজনক এ ঘটনায় মাছুয়াপাড়া এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :