হ্যামট্রাম্যাক, ২৩ আগস্ট : হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ও প্রবাসী নজমুল আজিজ জোবায়েরের যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ।
গতকাল দুপুরে হ্যামট্রাম্যাকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক শাহ মো. আব্দুল কাইয়ুম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা ছাড়াও মিশিগানে বসবাসরত হবিগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ আলী রেজা, তোফায়েল চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতি অব মিশিগান ইউএসএর সভাপতি মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী (সাম্মু), সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএর সভাপতি কামরুজ্জামান রোমান, সাধারণ সম্পাদক সুরঞ্জিত শীল, মুজিবুর রহমান চৌধুরী, তারেক খান ও সৈয়দ তোফায়েল আহমেদ প্রমুখ।
বক্তারা নজমুল আজিজ জোবায়েরের বর্ণাঢ্য ছাত্রজীবন, সামাজিক সম্পৃক্ততা এবং প্রবাসে তাঁর কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, প্রবাসের মাটিতে হবিগঞ্জ ও বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে দীর্ঘদিন পর দেখা হওয়ায় সৃষ্টি হয় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, কলেজজীবনের নানা ঘটনা এবং প্রবাসজীবনের অভিজ্ঞতা নিয়ে আড্ডায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি নজমুল আজিজ জোবায়েরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুতফুল বারী চৌধুরী হাদী। প্রাণবন্ত আলোচনা ও আন্তরিকতার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :