আটলান্টিক সিটি, ২৮ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ব্যাক-টু-স্কুল কর্মসূচি।
সিটি অব আটলান্টিক সিটি ও আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের যৌথ উদ্যোগে পেন্সিলভেনিয়া এভিনিউ স্কুলের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত করতে এবং তাদের উৎসাহিত করতে আয়োজন করা হয় এই বিশেষ ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ ও স্কুল-সংশ্লিষ্ট সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ছিল শিশু-কিশোরদের জন্য বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।
অনুষ্ঠানে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র ও স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যাতে নতুন উদ্যমে স্কুলে ফিরে যেতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে শুরু করতে পারে—সেই লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :