আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

দুর্গোৎসবের মহাষ্টমী আজ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০২:৪৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০২:৪৭:০৯ পূর্বাহ্ন
দুর্গোৎসবের মহাষ্টমী আজ
ওয়ারেন, ২৯ সেপ্টেম্বর : ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা আর মন্ত্রোচ্চারণে মুখরিত মিশিগানের বিভিন্ন পূজামণ্ডপ। গতকাল সপ্তমীর সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সপ্তমী পূজা। দেবীর ডানদিকে, সিদ্ধিদাতা গণেশের পাশে অধিষ্ঠিত করা হয় নবপত্রিকাকে। আজ সোমবার মহাঅষ্টমী। আর এই অষ্টমীর রাতেই অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।
‘নবপত্রিকা’র আক্ষরিক অর্থ নয়টি পাতা। রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদ মিলে গঠিত হয় নবপত্রিকা, যা দেবী দুর্গার নয়টি শক্তির প্রতীক। নবপত্রিকার পূজা মূলত শস্যদেবীর পূজা। শস্যবধূ রূপে প্রতীকী দেবীকে প্রথমে পূজা করে দেবী দুর্গার আরাধনা শুরু করা হয়।
পূজার শুরুতেই দেবীর প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে জীবন্ত রূপ দেওয়া হয় দেবীর মৃন্ময় প্রতিমায়। ষোড়শ উপাচারে পূজা হয়ে ওঠে সম্পূর্ণ আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য ও চন্দন নিবেদনের মধ্য দিয়ে।
গতকাল দুপুরে শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল ও রাধাকৃষ্ণ টেম্পলে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, ঢাকের তালে, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রতিটি মন্দির। বর্ণিল সাজসজ্জা আর আলোকমালায় ঝলমল করে ওঠে পূজামণ্ডপগুলো।
ভক্তরা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেন। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষ মিলেমিশে কাটিয়েছেন সপ্তমীর উৎসব। মন্দিরে মন্দিরে ছিল দর্শনার্থীর উপচে পড়া ভিড়।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী বন্দনার পাঁচটি দিন হলেও সবচেয়ে জাঁকজমকপূর্ণ দিন হলো মহাঅষ্টমী। দিনের শুরুতে মহাষ্টমাদি বিহিত পূজা আর সন্ধ্যায় মহাঅষ্টমীর মূল আকর্ষণ সন্ধি পূজা।
অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটএই ৪৮ মিনিটের মধ্যেই সম্পন্ন হয় সন্ধি পূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো ১০৮টি পদ্মফুল ও ১০৮টি প্রদীপ নিবেদন।
পুরাণ মতে, রামচন্দ্র রাবণ বধের আগে দেবীর কাছে ১০৮ পদ্ম নিবেদন করেছিলেন। সেই থেকেই চলে আসছে এই সন্ধি পূজার প্রথা। এ সময়  ১০৮ টি মাটির প্রদীপ দেবীর সামনে জ্বালানো হয়। আয়োজকরা জানিয়েছেন, আজকের অষ্টমীর সন্ধিপূজায় মিশিগানের বিভিন্ন মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে।
আজ মহাঅষ্টমী, দুর্গোৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। প্রবাসের মাটিতে হলেও ভক্তদের ভিড়, ঢাকের বাজনা, উলুধ্বনি ও চণ্ডীপাঠে মিশিগান জুড়ে বাঙালির হৃদয়ে ছড়িয়ে পড়ছে সেই ঐতিহ্যের আবেশ, যা হাজার মাইল দূরে থেকেও প্রবাসী বাঙালির হৃদয়কে জন্মভূমির সঙ্গে জুড়ে রাখে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী